প্রায় ১৫ বছর পর আবারও বিশ্বের সবচেয়ে বড় পারমাণু বিদ্যুৎকেন্দ্র 'কাশিওয়াজাকি-কারিওয়া' পুনরায় চালু করতে যাচ্ছে জাপান। প্রাথমিকভাবে আগামী জানুয়ারি মাসে এর একটি চুল্লি সক্রিয় করা হতে পারে।
২০১১ সালের ভয়াবহ ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের পর দেশটির সামগ্রিক পারমাণু বিদ্যুৎ কর্মসূচি বন্ধ হয়ে গিয়েছিল। জনসাধারণের বিরোধিতা সত্ত্বেও ফুকুশিমা বিপর্যয়ের পর ৫৪টি চুল্লি বন্ধ করে দেওয়া হয়।
সোমবার (২২ ডিসেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, নিগাতা প্রিফেকচারের বিধানসভা গভর্নর হিদেও হানাজুমির আস্থা ভোটে এটি পাস হয়েছে। তিনি গত মাসে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় চালুর পক্ষে সমর্থন দেন। এই আস্থা ভোটের মাধ্যমে কার্যত কেন্দ্রটি আবার চালু করার অনুমতি দেওয়া হলো।
প্রতিবেদন অনুসারে, দেশে এখনো চালু থাকা ৩৩টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ১৪টি পুনরুজ্জীবিত করা হয়েছে। তবে কাশিওয়াজাকি-কারিওয়া হলো প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির পরিচালিত। এরা ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করত।
জাপানি পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি আগামী ২০ জানুয়ারি প্ল্যান্টের সাতটি চুল্লির মধ্যে প্রথমটি পুনরায় সক্রিয় করার কথা বিবেচনা করছে।
জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় অনুমান করেছে, শুধুমাত্র প্রথম চুল্লিটি টোকিও অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ২ শতাংশ বাড়িয়ে দিতে পারে।
প্রসঙ্গত, দুই মাস আগে দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী সানে তাকাইচি জ্বালানি নিরাপত্তা জোরদার করতে এবং আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে পারমাণবিক পুনঃসূচনাকে সমর্থন করেছেন।
