একসময় অভিনয় ছেড়ে কাঠমিস্ত্রি হওয়ার কথা ভেবেছিলেন তিনি। সেই অভিনেত্রীই এখন কিনা অস্কার-দৌড়ে। হচ্ছিল রেনাতে রেইন্সভের কথা। ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ছবিতে অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন নরওয়ের এই অভিনেত্রী।
রিভিউ পড়ে বমি
২০২১ সালের জুলাইয়ের একদিন। সকালে ঘুম থেকে উঠে রেনাতে ‘দ্য গার্ডিয়ান’ পড়লেন এবং সঙ্গে সঙ্গেই বমি করলেন। নরওয়ের এই অভিনেত্রী তখন কানে ছিলেন; আগের রাতে সেখানে প্রিমিয়ার হয়েছে ‘দ্য ওয়ার্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’ সিনেমার।ইয়েকিম ত্রিয়ার পরিচালিত ছবিটিতে জুলির চরিত্রে এক তরুণীর খামখেয়ালি অথচ আপসহীন যাত্রা দেখানো হয়; সেটিই ছিল প্রধান চরিত্রে রেনাতে প্রথম সিনেমা। প্রদর্শনী চলাকালেই তাঁর মনে হয়েছিল, ‘এই ছবিটা দারুণ; কিন্তু আমি ভীষণ বাজে!’ কয়েক ঘণ্টা পরই গার্ডিয়ানে সিনেমার রিভিউয়ে তাঁর সম্পর্কে লেখা হয়—সম্ভবত রেনাতে তাঁর প্রজন্মের সেরা অভিনেত্রীদের একজন। ‘এতটাই অতিরিক্ত মনে হয়েছিল যে মানতে পারিনি, তাই বমি করতে শুরু করলাম। তবে খুশিও হয়েছিলাম বৈকি। নিজের সম্পর্কে সব ধারণাই মুহূর্তে বদলে গেল’, বলেন তিনি।এরপর কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন রেনাতে রেইন্সভে। তাঁর অভিনয় পরে বাফটাসহ নানা পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় আসে (ছবিটি নিজেও পায় দুটি অস্কার মনোনয়ন)। এই স্বীকৃতিগুলো আত্মবিশ্বাস বাড়ালেও ৩৮ বছর বয়সী রেনাতে জানতেন—প্রশংসা মাথায় তোলা যাবে না। ‘আমি খুব অভিভূত হয়ে পড়েছিলাম। তারপর ভাবলাম, ঠিক আছে, এটা থেকে একটু দূরত্ব রাখতে হবে। সমালোচনাকে যেমন অতিরিক্ত নেওয়া যায় না, তেমনি প্রশংসাকেও নয়’, বলেন তিনি। এমন স্বীকৃতি নিশ্চয়ই নেশার মতো লাগে? প্রশ্নের উত্তরে রেনাতে বলেন, ‘জীবনে সবই ক্ষণস্থায়ী। তাই লক্ষ্য ছিল—সবকিছু একটু সমান রাখব, নিজের যে ছবি নিজের মনে আছে সেটাকে অক্ষুণ্ন রাখব।’খ্যাতি থেকে দূরে
রেনাতে রেইন্সভে যতটা সম্ভব তারকাখ্যাতির প্রচলিত রূপ থেকে দূরে থাকেন। ‘দ্য ওয়ার্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’-এর সাফল্যের পর যুক্তরাষ্ট্রে যে দ্রুতই ডাক পাবেন, সেটি অনুমিতই ছিল। সেটি হয়ও। রেনাত অভিনয় করেন সেবাস্তিয়ান স্ট্যানের বিপরীতে ‘আ ডিফারেন্ট ম্যান’-এ।
চলতি বছরের মে মাসে ত্রিয়ার ও রেনেতে নির্মাতা-অভিনেত্রী জুটি আবার কানে ফেরেন ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ নিয়ে; পরিবার, শিল্প ও ভালোবাসার টানাপোড়েন নিয়ে এক উচ্চাকাঙ্ক্ষী ছবি। এখানে তিনি নোরা, এক বিষণ্ন অভিনেত্রী—যার বিচ্ছিন্ন চলচ্চিত্রকার বাবা (স্টেলান স্কারসগার্ড) হঠাৎ জীবনে ফিরে এসে তাঁর জন্য লেখা আধা আত্মজীবনী চিত্রনাট্য সামনে ধরেন। ক্ষুব্ধ নোরা প্রস্তাব প্রত্যাখ্যান করলে বাবা সেই চরিত্রে নেন উঠতি আমেরিকান তারকা র্যাচেলকে (এল ফ্যানিং), আর নিজের বিচিত্র উপস্থিতিতে নোরা ও তার বোন আগনেসকে অস্বস্তিতে রাখতেই থাকেন।
-1766559724.png)