ভেনেজুয়েলা উপকূলের কাছে আরেকটি তেল ট্যাংকারের পিছু নিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। তবে গত রোববার ধাওয়া শুরু হলেও এখনও আটক করা সম্ভব হয়নি ট্যাংকারটি। ফলে কোস্টগার্ড নতুন করে আরও সদস্য ডেকে পাঠিয়েছে। খবর রয়টার্সের।মার্কিন কর্মকর্তারা জানান, নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলের ট্যাংকার ধরার জন্য গত রোববার (২১ ডিসেম্বর) পিছু নেয় মার্কিন কোস্টগার্ড। জাহাজটি ভেনেজুয়েলা থেকে নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে।
মার্কিন ও ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, ট্যাংকারটির নাম বেলা–১। এটি একটি বিশাল অপরিশোধিত তেলবাহী জাহাজ, যেটিকে গত বছর মার্কিন অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করে। যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটির সঙ্গে ইরানের সংযোগ রয়েছে।
ট্যাংকার ট্র্যাকার ডটকম জানায়, ভেনেজুয়েলার দিকে যাত্রার সময় ট্যাংকারটি খালি ছিল। অতীতে এটি ভেনেজুয়েলার তেল চীনে পরিবহন করেছে এবং এর আগে ইরানের তেল বহন করত। রয়টার্সের প্রতিবেদন মতে, ট্যাংকারটি এখনও আটক করতে পারেনি মার্কিন কোস্টগার্ড।
প্রতিবেদন মতে, নাবিকরা কোস্টগার্ড সদস্যদের ট্যাংকারে উঠতে দিতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে আটকের কাজটি সম্পন্ন করতে এখন মেরিটাইম সিকিউরিটি রেসপন্স টিমের মতো বিশেষজ্ঞ দলের প্রয়োজন। যারা এই পরিস্থিতিতে জাহাজে উঠতে পারবেন, এমনকি হেলিকপ্টার থেকে র্যাপেলিংয়ের (দড়ি বেয়ে) মাধ্যমেও নামতে পারবেন।
