উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ২০২৬ সালে দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন সম্প্রসারণ ও আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন। বাড়তি চাহিদা মেটাতে নতুন কারখানা নির্মাণের কথাও বলেছেন তিনি।উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ২০২৬ সালে দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন সম্প্রসারণ ও আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন। বাড়তি চাহিদা মেটাতে নতুন কারখানা নির্মাণের কথাও বলেছেন তিনি।
শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অস্ত্র উৎপাদনকারী কয়েকটি কারখানা পরিদর্শনকালে কিম এসব কথা বলেছেন।
এসময় রাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও কামান বাহিনীর ভবিষ্যৎ পরিচালন চাহিদা পূরণে উৎপাদন সক্ষমতা বাড়ানো জরুরি বলেও জানান তিনি।
কিম বলেন, সশস্ত্র বাহিনীর চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন ক্ষমতা আরো বিস্তৃত করতে হবে। এ জন্য নতুন গোলাবারুদ উৎপাদন কারখানা স্থাপনেরও নির্দেশ দেন তিনি।
কেসিএনএর প্রতিবেদনে কিমকে উদ্ধৃত করে বলা হয়, যুদ্ধ প্রতিরোধ সক্ষমতা জোরদারে ক্ষেপণাস্ত্র ও গোলা উৎপাদন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার হার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, নিখুঁত আঘাতের সক্ষমতা বাড়ানো, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার জন্য চ্যালেঞ্জ তৈরি এবং রাশিয়ায় সম্ভাব্য রপ্তানির আগে অস্ত্র পরীক্ষা করাই এর লক্ষ্য।
