রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের নবগঠিত কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন ব্যবসায়ী আলমগীর। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের ঘোষণা দেন।
আলমগীর রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভেদভেদী মুসলিমপাড়ার বাসিন্দা এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ‘এস আলম ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী।
প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ১ আগস্ট ২০২৪ তারিখে বাংলাদেশ যুবলীগের দলীয় প্যাডে রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে আলমগীরকে সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হলেও তিনি এ বিষয়ে আগে থেকে অবগত ছিলেন না বলে দাবি করেছেন। কমিটি ঘোষণার পরদিন অর্থাৎ ২ আগস্ট তিনি বিষয়টি জানতে পারেন।পদত্যাগ প্রসঙ্গে আলমগীর জানান, কমিটি ঘোষণার পরপরই দেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই সময় তাৎক্ষণিকভাবে পদত্যাগ করার সুযোগ ছিল না। বর্তমান প্রেক্ষাপট ও ব্যক্তিগত কারণ বিবেচনা করে তিনি স্বজ্ঞানে এবং স্বেচ্ছায় দলীয় এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত
নিয়েছেন।এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। এখন থেকে উক্ত সংগঠনের কোনো রাজনৈতিক কার্যক্রমের সাথে তার সংশ্লিষ্টতা থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।
মোঃকামরুল ইসলাম
রাঙামাটি জেলা প্রতিনিধি
