গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ব্যাটসম্যান ডেমিয়েন মার্টিন। মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে বর্তমানে কৃত্রিম কোমায় রয়েছেন তিনি।
৫৪ বছর বয়সী মার্টিন ১৯৯২ থেকে ২০০৬ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি টেস্ট ও ২০৮টি ওয়ানডে খেলেছেন। গত সপ্তাহে বক্সিং ডের দিন অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়।
অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মার্টিন মেনিনজাইটিসে আক্রান্ত, যা প্রাণঘাতীও হতে পারে। মেনিনজাইটিস হলো মস্তিষ্ক ও মেরুদণ্ডকে ঘিরে থাকা পর্দার প্রদাহজনিত রোগ।
মার্টিনের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট দ্য অস্ট্রেলিয়ান পত্রিকাকে বলেছেন, ‘ও সর্বোচ্চ মানের চিকিৎসা পাচ্ছে। আমান্ডা (তার সঙ্গী) ও পরিবারের সবাই জানেন, অসংখ্য মানুষ তাদের প্রার্থনা ও শুভকামনা পাঠাচ্ছেন।’
স্ট্রোক খেলার জন্য পরিচিত মার্টিন স্টিভ ওয়াহর নেতৃত্বাধীন শক্তিশালী অস্ট্রেলিয়ান দলে গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন। টেস্ট ক্যারিয়ারে ৪৬.৩৭ গড়ে তার সেঞ্চুরি ছিল ১৩টি।
২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলেরও সদস্য ছিলেন মার্টিন। ভারতের বিপক্ষে ফাইনালে রিকি পন্টিংয়ের সঙ্গে জুটি বেঁধে অপরাজিত ৮৮ রান করে ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।
২০০৬ সালের অ্যাশেজ চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। অবসরের পর থেকে তিনি বেশিরভাগ সময়ই ছিলেন আড়ালে।
