ডিসেম্বর মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল আদিত্য ধরের সিনেমা ‘ধুরন্ধর’। হেসেখেলে বক্স অফিসে হাজার কোটি রুপি আয় পূর্ণও করেছে। সবাইকে পেছনে ফেলে চলতি বছর ভারতের সবেচেয়ে আয় করা সিনেমা এখন এটি। কিন্তু কোন জাদুতে বাজিমাত করল সিনেমাটি?হাজার কোটির ক্লাবে রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল ও সারা অর্জুনকে নিয়ে নির্মিত স্পাই–থ্রিলার ‘ধুরন্ধর’ এখনো বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে। আদিত্য ধর পরিচালিত ছবিটি মুক্তি পায় ৫ ডিসেম্বর। প্রথম দিন থেকেই এটি বক্স অফিসে দাপট দেখাতে শুরু করে। মুক্তির মাত্র ২১ দিনের মাথায় এটি ঢুকে পড়ে ‘হাজার কোটির ক্লাবে’। সারা বিশ্বে ধুরন্ধর আয় করেছে ১ হাজার ৬ কোটি ১৫ লাখ রুপি। মুক্তির প্রথম সপ্তাহে আয় ২১৮ কোটি, দ্বিতীয় সপ্তাহে ২৬১ কোটি ৫০ লাখ রুপি। বড়দিনে একাই আয় করে ২৮ কোটি ৬০ লাখ রুপি। ভারতীয় বক্স অফিস থেকে এখন পর্যন্ত ছবিটির আয় ৭৮৯ কোটি ১৮ লাখ রুপি। বাণিজ্য–বিশ্লেষকদের মতে, ধুরন্ধর–এর ঝড় এখনো থামার নয়। ছবিতে সহিংসতার তীব্রতার আর বিষয়বস্তুর গভীরতার জন্য কেউই প্রস্তুত ছিল না। সিনেমায় এমন অনেক কিছুই আছে যা সাধারণত মূল ধারার বাণিজ্যিক হিন্দি সিনেমায় দেখা যায় না।
ছবিটি নিখুঁত নয়, প্রেমের ট্র্যাক দুর্বল, দৈর্ঘ্য ধৈর্য চায়। কিন্তু এর দৃঢ়তা কখনো টলে না।
বলিউডের স্টাইলিশ গুপ্তচর কল্পনার ভিড়ে ‘ধুরন্ধর’ আলাদা হয়ে দাঁড়ায়, কারণ এটি দর্শককে স্বস্তি দেয় না বরং কঠিন বাস্তবতার মুখে ঠেলে দেয়।
