নওগাঁ জেলা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে বিভিন্ন উপজেলায় পৃথক অভিযানে মাদকসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় দুইজনকে আটক করা হয়। তারা হলেন—
হাফিজুল ইসলাম (২১), পিতা রুবেল হোসেন, সাং পূর্ব শিবপুর, থানা ধামইরহাট এবং
মতিউর (৬০), পিতা আব্দুল মজিদ, সাং ইদোনি, থানা পাঁচবিবি, জেলা জয়পুরহাট।
তল্লাশিতে হাফিজুলের কাছ থেকে ২০০ পিস এবং মতিউরের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া, একই দিন রাত আনুমানিক ১০টায় নওগাঁ সদর থানাধীন উকিলপাড়ার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম (৩৮), পিতা সামসুল আলম, সাং চকদেবপুর, জেলা নওগাঁকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪০ পিস এম্পল ইনজেকশন (মাদকদ্রব্য) উদ্ধার করা হয়। অভিযানে তার সহযোগী জুবায়ের (২৮), পিতা এস এম রেজোয়ান নবী @ বাবু আনসারী, সাং পোস্ট অফিস পাড়া, নওগাঁকেও আটক করা হয়।
অন্যদিকে, পুলিশ সুপার-এর নির্দেশনায় বদলগাছী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন—
মোঃ সুজন (৩৫), মোঃ রুবেল (৩০), তরুণ ওরাও (৩০), মোঃ শাহিন (৩০) ও ফেরদৌস (২৫)।
পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পুলিশ স্কটের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়।
এছাড়া, পোরশা থানা পুলিশ পৃথক অভিযানে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ পলাশ হোসেন (৩৩), পিতা মৃত বকুল হোসেন, সাং বড়গ্রাম কায়াপাড়া, থানা পোরশা, জেলা নওগাঁকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর, ধামইরহাট ও সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,
“বছরের প্রথম দিন থেকেই জেলার বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। নতুন বছরে মাদক নির্মূলে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।”
