পাবনা-১ সংসদীয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে দুই স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। সমর্থক ভোটারদের তথ্যগত অসংগতি ও দলীয় প্রত্যয়নপত্রের অভাবের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়ন যাচাই-বাছাই সভায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা এ ঘোষণা দেন।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন— সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুন নাহার খানম এবং কেন্দ্রীয় তাঁতীদলের সহ-সভাপতি ইউনুস আলী।
রিটার্নিং অফিসার জানান, ৬৮ পাবনা-১ আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট সাতজন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে চারজন ছিলেন স্বতন্ত্র প্রার্থী। যাচাই-বাছাইয়ে দেখা যায়, খায়রুন নাহার খানমের দাখিলকৃত মনোনয়নে সমর্থক ভোটারদের স্বাক্ষর ও ব্যক্তিগত তথ্যে একাধিক ত্রুটি রয়েছে। ফলে তার মনোনয়ন বাতিল করা হয়।
অন্যদিকে ইউনুস আলী তার মনোনয়নপত্রে নিজেকে বিএনপির প্রার্থী দাবি করলেও দলীয় প্রধান কর্তৃক প্রদত্ত কোনো প্রত্যয়নপত্র দাখিল করতে পারেননি। পাশাপাশি তার সমর্থক ভোটার তালিকাতেও স্বাক্ষর ও তথ্যগত অসংগতি পাওয়া গেছে। এসব কারণে তার মনোনয়নও বাতিল করা হয়।
জেলা প্রশাসক শাহেদ মোস্তফা আরও জানান, বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।
সাঁথিয়া উপজেলা ও বেড়া উপজেলার চারটি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত পাবনা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৯৩১ জন। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান, জামায়াতে ইসলামীর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল গণি মনোনয়ন পেয়েছেন।
এছাড়া যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদুল হক ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। দাখিলকৃত মনোনয়নপত্রে কোনো ত্রুটি না থাকায় এসব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
সৈয়দ নুরুজ্জামান হাশেমী
সুজানগর উপজেলা প্রতিনিধি
