২০২৬ সালের নির্বাচনে বিএনপির পক্ষে ৭০ শতাংশ ভোটারের আগ্রহ: জনমত জরিপ
আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন ৭০ শতাংশ ভোটার। এর বিপরীতে ১৯ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছেন। নতুন রাজনৈতিক দল এনসিপি পেয়েছে ২ দশমিক ৬ শতাংশ জনসমর্থন। অন্যদের মধ্যে জাতীয় পার্টির সমর্থন ১ দশমিক ৪ শতাংশ এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই হার মাত্র ০ দশমিক ১ শতাংশ—এমন তথ্য উঠে এসেছে এক জনমত জরিপে।
সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের সেমিনার হলে জাতীয় নির্বাচন সামনে রেখে পরিচালিত এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপটি পরিচালনা করেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি)।
সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. শামীম হায়দার তালুকদার জরিপের ফলাফল উপস্থাপন করেন। তিনি জানান, সারাদেশের ৩০০টি সংসদীয় আসন থেকে মোট ২০ হাজার ৪৯৫ জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়েছে।
জরিপের লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা তুলনামূলকভাবে বেশি। জরিপে অংশ নেওয়া নারী ভোটারদের ৭১ শতাংশ বিএনপিকে সমর্থন করেছেন, যা দলটির প্রতি নারী ভোটারদের আস্থার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
আঞ্চলিক বিশ্লেষণেও বিএনপির শক্ত অবস্থান স্পষ্ট। চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে দলটির প্রতি সর্বোচ্চ ৭৪ শতাংশ ভোটারের সমর্থন পাওয়া গেছে। তবে বরিশাল ও খুলনা বিভাগে জামায়াতে ইসলামীর তুলনামূলক শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। বরিশালে দলটির সমর্থন ২৯ শতাংশ এবং খুলনায় ২৫ শতাংশ। অন্যদিকে উত্তরাঞ্চলের রংপুর বিভাগে জাতীয় পার্টি তুলনামূলকভাবে বেশি সমর্থন পেয়েছে, যেখানে দলটির পক্ষে মত দিয়েছেন ৫ দশমিক ২ শতাংশ ভোটার।
জরিপ অনুযায়ী, ৭৭ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে আগামী জাতীয় নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করতে সক্ষম হবে। একই সঙ্গে ৭৪ শতাংশ ভোটার মনে করেন, তাঁদের নিজ নিজ সংসদীয় আসনে বিএনপি প্রার্থীরা বিজয়ী হবেন।
এ ছাড়া আওয়ামী লীগের সাবেক ভোটারদের রাজনৈতিক অবস্থান সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে জরিপে। বিশ্লেষণে দেখা যায়, পূর্বে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের মধ্যে ৬০ শতাংশ আসন্ন নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে আওয়ামী লীগের সাবেক ভোটারদের ২৫ শতাংশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছেন এবং বাকি ১৫ শতাংশ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
