ইকবাল হোসেন রিংকু||
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) এর উদ্যোগে মৌলভীবাজারে দু’দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শেষ হয়েছে।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত মৌলভীবাজার ও হবিগঞ্জ দুই জেলার ৫২জন সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ সোমবার ৫ জানুয়ারি বিকেলে শেষ হয়। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার উপ-সম্পাদক মো: সুলতান মাহমুদ। পরে তিনি প্রশিক্ষণে অংশগ্রহনকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন। প্রথম দিনের রিসোর্স পারসন ছিলেন জিয়াউর রহমান।
সুলতান মাহমুদ বলেন, পিআইবি এধরণের প্রশিক্ষণ করিয়েছে,করাচ্ছে এবং প্রশিক্ষণ সফল করার জন্য পিআইবিতে এখন যারা কর্মযজ্ঞ করছেন মাত্রাতিরিক্ত চাপ নিতে হয়েছে। এটি পিআইবির জন্য মহা কর্মযজ্ঞ ছিল কারণ পিআইবির মহাপরিচালক থেকে শুরু করে যারা আছেন তারা সবাই চেয়েছেন যে, ইলেকশন রিপোর্টিংটা যাহাতে এই সরকার প্রধান প্রফেসার ড. মুহাম্মদ ইউনূসের যে উদ্দেশ্য, আগামী নির্বাচনটা উৎসবমূখর নয় , মহা উৎসবে পরিণত করা।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে কোনো ভাবে সাংবাদিকদের ধারা সেখানে যাহাতে বিচ্যুতি না ঘটে, সেটি সাংবাদিকদের প্রশিক্ষিত করা বা আইন-কানুন দক্ষ সাংবাদিক হিসেবে কাজ করবার জন্য ইতিপূর্বে যে ক্রটি বিচ্যুতি ধরা পড়েছে সেটি যাহাতে আগামী নির্বাচনে না হয়, সেজন্য এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা সবাই হাতে হাত মিলিয়ে সুস্থ সাংবাদিকতা, সঠিক সাংবাদিকতা, ন্যায় ভিত্তিক সাংবাদিকতা, সমাজের জন্য, দেশের জন্য ও রাষ্ট্রের জন্য আমরা কাজ করবো এই অঙ্গীকার আমরা প্রত্যেকের কাছে প্রত্যেকে করি, কারো কাছে অঙ্গীকার নয়, শুধু নিজের কাছে যদি আমরা অঙ্গীকার বদ্ধ থাকি তাহলে আমরা সুস্থ এবং সঠিক সাংবাদিকতা করতে পারবো দেশ ও জাতি-রাষ্ট্র গঠনে ভালো ভূমিকা রাখতে পারবো।
প্রশিক্ষণের উদ্বোধনকালে পিআইবি মহাপরিচলক ফারুক ওয়াসিফ বলেন, আসছে নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাকস্বাধীনতা, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অল্প দিনে কতো ছাত্র-জনতা প্রাণ দিয়েছেন। আহত ও শহীদ হয়েছেন। এই অল্প দিনের মধ্যে ৫ জন সাংবাদিকও প্রাণ দিয়েছেন। সেই সকল শহীদ ও জীবন-মৃত্যুর ঝুঁকি নিয়ে বেঁচে থাকা মানুষগুলোর দেশপ্রেমের প্রতি তাদের রক্তের প্রতি সম্মান দেখিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকর্মীদের অনেক দায়িত্ব ও কর্তব্য আছে। আমাদের তা পালন করতে হবে। পিআইবি’র মহাপরিচালক বলেন ফ্যাসিস্ট আমলে সাংবাদিকদের তাদের আজ্ঞাবহ ও হাতিয়ারে পরিণত করেছিল। তাদের মাধ্যমে তারা নানা নাটক মঞ্চায়িত করতো। ধ্বংসের মহড়া দিতো। এবং পরে তা বাস্তবায়ন করতো। আগের অবস্থার পরিবর্তন আনতে হলে ত্রয়োদশ নির্বাচনে সে রকম সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ও হ্যাঁ ভোটের পক্ষে ভূমিকা রাখতে হবে। পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা নির্বাচনে নানা গুজব ছড়াতে পারে। সে বিষয়ে আরও সর্তক ও সোচ্চার হতে হবে।
প্রশিক্ষণে বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজর প্রেসক্লাবের আহবায়ক বকশি ইকবাল ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী প্রমুখ