জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জকে অপহরণের ইঙ্গিত দিয়ে দেওয়া রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি। সোমবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মান সরকারের পক্ষ থেকে এ অবস্থান জানানো হয়।
জার্মান সরকারের মুখপাত্র সেবাস্তিয়ান হিলে বলেন, এই ধরনের বক্তব্য আমরা গুরুত্বের সঙ্গে লক্ষ্য করেছি। এবং স্পষ্টভাবে বলতে চাই—ফেডারেল সরকার এ ধরনের যেকোনো হুমকি ও বক্তব্যকে কঠোর ভাষায় নিন্দা জানায়।
তিনি আরও বলেন, রাশিয়ার পক্ষ থেকে এমন মন্তব্য এলেও চ্যান্সেলর মার্জ ‘সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত’ আছেন।
এর আগে, রোববার রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ মন্তব্য করেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মতো করে বিশ্বের অন্যান্য নেতাদের বিরুদ্ধেও অপহরণমূলক অভিযান চালানো যেতে পারে। এ তালিকায় তিনি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের নাম উল্লেখ করেন।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক মন্তব্যে মেদভেদেভ বলেন, ‘এই ঘটনাপ্রবাহের কার্নিভালে নিও-নাৎসি মার্জকে অপহরণ করা হলে তা হতে পারে এক দারুণ মোড়।’
তিনি আরও দাবি করেন, এমন কোনো ঘটনা অবাস্তব নয় এবং জার্মানিতেই মার্জের বিরুদ্ধে মামলা চালানোর মতো ভিত্তি রয়েছে। তার ভাষায়, এতে কোনো ক্ষতি হবে না, বিশেষ করে যখন সাধারণ নাগরিকরা অকারণে ভুগছে।
মেদভেদেভের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। বর্তমানে তারা নিউইয়র্কে মাদক পাচার সংক্রান্ত অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন।
জার্মান সরকার স্পষ্টভাবে জানিয়েছে, রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে এমন উসকানিমূলক বক্তব্য আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং এ ধরনের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
