বিশ্বের ছয়টি দেশের সাতটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছ থেকে জি-টু-জি (সরকার-টু-সরকার) মেয়াদি চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়কালের জন্য নির্ধারিত প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইস অনুযায়ী এ ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জি-টু-জি ভিত্তিতে পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ খাতে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৮২৬ কোটি ১১ লাখ টাকা।
সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল), থাইল্যান্ডের ওকিউটি, সংযুক্ত আরব আমিরাতের ইএনওসি, ইন্দোনেশিয়ার বিএসপি এবং মালয়েশিয়ার পিটিএলসিএল।
এছাড়া একই বৈঠকে মসুর ডাল, সার ও সয়াবিন তেল আমদানির পৃথক প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।