বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা/সিলেট–ম্যানচেস্টার–ঢাকা/সিলেট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা পূর্বঘোষিত ১ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ১ মার্চ ২০২৬ থেকে সাময়িকভাবে স্থগিত থাকবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে উক্ত রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে টিকিটধারী যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদের পুনর্বিবেচনায় সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা/সিলেট–ম্যানচেস্টার–ঢাকা/সিলেট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ ২০২৬ থেকে সাময়িকভাবে স্থগিত থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ সময়ে উক্ত রুটের যাত্রীরা চাইলে ঢাকা–লন্ডন–ঢাকা রুটে বিকল্প ফ্লাইটে ভ্রমণ, ফ্লাইটের তারিখ পরিবর্তন অথবা টিকিট রিফান্ডসহ অন্যান্য সুবিধা বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী গ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত যাত্রী ও সংশ্লিষ্ট সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতা কামনা করেছে।
এছাড়া ঢাকা-সিলেট–ম্যানচেস্টার–ঢাকা/সিলেট রুটে পুনরায় ফ্লাইট চালু হলে তা যথাসময়ে যাত্রীদের অবহিত করা হবে বলেও জানানো হয়েছে।
