আসন্ন বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দলকে অবশ্যই ভারতে যেতে হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এমন কোনো বাধ্যবাধকতা বা নির্দেশ দেয়নি বলে স্পষ্ট করে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বুধবার (৭ জানুয়ারি) সকালে এক সাক্ষাৎকারে তিনি আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো তে প্রকাশিত একটি প্রতিবেদনকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেন।
বিসিবি সভাপতি বলেন, আইসিসি কখনোই জানায়নি যে ভারতে খেলতে না গেলে বাংলাদেশের পয়েন্ট কাটা হবে কিংবা দলকে ওয়াকওভার দিতে বাধ্য করা হবে। তিনি আরও জানান, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
মূলত গভীর রাতে ক্রিকইনফোর একটি প্রতিবেদনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উদ্বেগ ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, আইসিসি বাংলাদেশের অবস্থান প্রত্যাখ্যান করেছে এবং বিশ্বকাপে অংশ নিতে হলে ভারতকে ভেন্যু হিসেবে মেনে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।
তবে খবরটির সত্যতা যাচাই করতে বিসিবির একাধিক পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা সবাই নিশ্চিত করেন, আইসিসির পক্ষ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি।
এ বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দ্ব্যর্থহীন ভাষায় বলেন,
“আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে কেন আমরা ভারতে যেতে অনিচ্ছুক। আমরা আগেই ই-মেইলে জানিয়েছি যে, আমাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। এমনকি গত রাতেও আইসিসি আমাদের কাছে সেই নিরাপত্তাজনিত উদ্বেগের একটি বিস্তারিত বিবরণ চেয়েছে।”
তিনি আরও জানান, ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বোর্ড কেন উদ্বিগ্ন এবং সেই উদ্বেগের সুনির্দিষ্ট কারণগুলো কী তা খুব শিগগিরই লিখিত আকারে আইসিসির কাছে পাঠানো হবে। সেই ব্যাখ্যার ভিত্তিতেই আইসিসি পরবর্তী সিদ্ধান্ত নেবে। এর আগে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার খবর নিছকই গুজব।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারতের বর্তমান পরিস্থিতিতে ক্রিকেট খেলার পরিবেশ নিয়ে তারা এখনো উদ্বিগ্ন। আইসিসির সঙ্গে আলোচনা চলমান থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিভ্রান্তিকর ও অযাচাইকৃত খবরে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
