পৌষের হাড় কাঁপানো শীতের সকালে গ্রাম বাংলার পরিবেশে সময় কাটাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, পরনে মোটা জ্যাকেট, মাথায় টুপি আর পায়ে মোজা- শীতের সব রকম প্রস্তুতি নিয়েও ঠান্ডায় কাঁপছেন তিনি। বাঁচার উপায় হিসেবে বেছে নিয়েছেন বাড়ির মাটির চুলা।
গতকাল সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা সেই ভিডিওতে জয়া বলেন, শীতের সকালে গ্রামীণ পরিবেশে মাটির চুলায় মুরগির মাংস রান্না করছি। তবে এই রান্না আমার নিজের জন্য নয়, বরং পোষা কুকুর ছানাদের খাবার হিসেবে। হালকা মশলা দিয়ে মুরগির মাংস রান্না করছি।
একইসঙ্গে একটু মজার স্থলে তিনি যোগ করেন, ‘আপনারা আবার প্রত্যাশা করবেন না যে, আমি অনেক রান্না পারি। আমি তেমন রান্না পারি না।’
তার কথায়, ‘তাই শীতকালে মাটির চুলাতেই রান্না করছি। চারিদিকে এত ঠান্ডা আর কোথাও বসতে পারছি না। খালি এই রান্নাঘরেই বসছি। কী যে আরাম এই মাটির চুলাতে। অনেক মজার হয় খেতে।’
ভিডিওতে তিনি আরও জানান, গ্রামের শীত উদযাপন খুব উপভোগ করছেন অভিনেত্রী। আজ মাটির চুলায় লাকড়ি দিয়ে নানারকম মুখরোচক রেসিপি রান্না করা হবে। সেখানে থাকবে গরুর মাংস। তবে জয়া গরুর মাংস খান না স্বাস্থ্য সচেতনতার জন্য। তিনি কেবল মাংসের তরকারির ঝুল খেতে পছন্দ করেন।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশংসায় ভাসছেন জয়া। কেউ কেউ বলছেন, এত বড় তারকা হয়েও শেকড়ের প্রতি তার এই টান সত্যিই মুগ্ধ করার মতো। আবার অনেকে মাটির চুলার রান্নার স্বাদের স্মৃতি রোমন্থন করেছেন কমেন্ট বক্সে।
