সুপ্রাচীনকাল থেকেই জেলা প্রশাসকগণ জনকল্যাণ নিশ্চিতকরণে জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করে আসছেন। আধুনিক জনপ্রশাসনকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করার লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিতভাবে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় ও সমস্যা শুনানির আয়োজন করা হয়, যা ‘গণশুনানি’ নামে পরিচিত।
জেলা প্রশাসকের কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানি একটি নিয়মিত কার্যক্রম, যেখানে জেলা প্রশাসক সরাসরি জনগণের অভাব-অভিযোগ, সমস্যা ও প্রস্তাবনা শুনে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। সাধারণত প্রতি বুধবার সকাল ১০টা থেকে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। জনমুখী ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিতকরণে এবং জনগণের সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানে এ কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এর ধারাবাহিকতায় আজ ৭ জানুয়ারি ২০২৬ খ্রি. অনুষ্ঠিত গণশুনানিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শারমিন আক্তার জাহান জনগণের অভাব, অভিযোগ, আবেদন ও নিবেদন মনোযোগসহকারে শ্রবণ করেন। তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য বিষয়সমূহ যথাযথভাবে নিষ্পত্তি করা হয়। যেসব বিষয় তাৎক্ষণিক সমাধানযোগ্য নয়, সেগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা/ কর্মকর্তা/ বিভাগকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয় এবং তদন্ত প্রতিবেদন প্রাপ্তিসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
গণশুনানিতে অংশগ্রহণের পদ্ধতি:
১। গণশুনানির নির্ধারিত দিনে (প্রতি বুধবার) নির্ধারিত সময়ে (সাধারণত সকাল ১০টা থেকে) জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে
২। নিজের সমস্যা, অভিযোগ বা প্রস্তাবনা লিখিতভাবে উপস্থাপন করে জেলা প্রশাসক মহোদয়ের নিকট অবহিত করতে পারবেন।
