গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনের বিপুল পরিমাণ ঝুট ও মালামাল পুড়ে গেছে। তবে, এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। গাজীপুরের শিল্পাঞ্চল কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুট গোডাউনে হঠাৎ করেই ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে কয়েকটি গোডাউনের ভেতরে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গোডাউনের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানা গেছে। তবে তদন্ত শেষে, আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে, অগ্নিকাণ্ড প্রতিরোধে ঝুঁকিপূর্ণ শিল্পাঞ্চলে আরও সতর্কতা ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
