শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে জয়পুরহাটে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক দায়িত্ববোধ থেকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, শিশুদের জন্য শীতবস্ত্র প্রদান এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার দুপুরে জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল লতিফুল বারী, ক্যাপ্টেন এস এম মোহাম্মদ মেহেদী হাসানসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
অনুষ্ঠানে প্রায় ৩৫০ জন শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি চিকিৎসক দল শিশু, নারী ও বয়স্কদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।
প্রধান অতিথির বক্তব্যে কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন বলেন, “সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। এ ধরনের মানবিক কার্যক্রম সাধারণ মানুষের সঙ্গে বিজিবির সম্প্রীতি ও আস্থা আরও সুদৃঢ় করবে।”
স্থানীয়দের মতে, বিজিবির এ উদ্যোগ শীতের কষ্ট লাঘবের পাশাপাশি সমাজে মানবিকতার ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।
মো:সুমন মন্ডল
জয়পুরহাট-প্রতিনিধি