ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার দাবিতে জয়পুরহাটের কালাই উপজেলায় দিনব্যাপী অবস্থান কর্মসূচি ও তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টা থেকে কালাই উপজেলা চত্বরে শুরু হওয়া কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সচেতন নাগরিকরা অংশ নেন। তারা হাতে ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে শহীদ ওসমান হাদীর হত্যার দৃষ্টান্তমূলক বিচার এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানান।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের ন্যায্য অধিকার রক্ষার সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার হত্যাকাণ্ডের বিচার না হওয়া রাষ্ট্র ও সমাজের ব্যর্থতার প্রতিফলন। বিচারহীনতার এই সংস্কৃতি চলতে থাকলে ভবিষ্যতেও দেশপ্রেমিক আন্দোলনের কর্মীরা ঝুঁকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলন আরও বিস্তৃত ও সংগঠিত রূপ নেবে বলে হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচির দ্বিতীয় পর্বে বিকেল ৪টা ৩০ মিনিটে শহীদ ওসমান হাদীর জীবন, আদর্শ, আন্দোলন ও হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। তথ্যচিত্রটি নতুন প্রজন্মের মাঝে শহীদের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন উপস্থিতরা।
আয়োজকরা জানান, শহীদ ওসমান হাদীর হত্যার বিচার আদায় এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
মো:সুমন মন্ডল
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
