আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য জুলাই সনদের ওপর গণভোটে কোনো ধরনের শৈথিল্য, অনিয়ম কিংবা প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না এই কঠোর বার্তা দিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়নের ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
মঙ্গলবার সকাল থেকে এই পরিদর্শনে ভোটগ্রহণ ব্যবস্থায় প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ ও প্রস্তুতির চিত্র তুলে ধরা হয়।
শ্রীপুর উপজেলার গয়েশপুর, আমলসার, শ্রীকোল, শ্রীপুর, দ্বারিয়াপুর, কাদিরপাড়া, সব্দালপুর ও নাকোল এই আটটি ইউনিয়নের মোট ৫৮টি ভোটকেন্দ্রের ৩১৬টি ভোটকক্ষ পরিদর্শন করেন জেলা প্রশাসক।
প্রশাসন ও জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, কেন্দ্রভিত্তিক নিরাপত্তা বলয়, নারী ও প্রতিবন্ধীবান্ধব বুথ, বিদ্যুৎ ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা এবং ভোটগ্রহণ সংশ্লিষ্ট জনবল চূড়ান্তকরণসহ সব প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা হয়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী,উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৬২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৮১০ জন এবং নারী ভোটার ৭৮ হাজার ৮১৪ জন। ভোটারদের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক পৃথক নিরাপত্তা ও ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোটকেন্দ্রের প্রবেশ ও বাহির পথ, ভোটার লাইনের শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা, সিসি ক্যামেরা মনিটরিং ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ দিকগুলো সরাসরি যাচাই করেন। একই সাথে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, দায়িত্ব পালনে গাফিলতি প্রমাণিত হলে তাৎক্ষণিক প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হচ্ছে। এটি অত্যন্ত সংবেদনশীল রাষ্ট্রীয় দায়িত্ব। এখানে কোনো ধরনের অনিয়ম, শৈথিল্য কিংবা প্রভাব বিস্তারের চেষ্টা বরদাশত করা হবে না। জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাঠে রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের বলেন, মাঠপর্যায়ের প্রতিটি কার্যক্রম জেলা প্রশাসনের সরাসরি তদারকিতে চলছে। ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, দায়িত্বপ্রাপ্ত জনবলের ভূমিকা ও শৃঙ্খলা সবকিছু কঠোরভাবে নজরদারিতে রয়েছে। কোনো পর্যায়ে ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ভোটকেন্দ্রগুলোকে ঘিরে পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে স্তরভিত্তিক নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা প্রতিরোধে আমরা সর্বোচ্চ প্রস্তুত।
উপজেলা নির্বাচন কর্মকর্তা( ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রহমান জানান, ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ, কেন্দ্র ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই আমাদের প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে বলে সম্প্রতি জাতির উদ্দেশে ভাষণে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একটি প্রশ্নের মাধ্যমে চারটি বিষয়ের ওপর ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট প্রদান করবেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন মাগুরা আর্মি ক্যাম্প কমান্ডার, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
সোহেল রানা
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
