জাকির হোসেন সরকার
কুষ্টিয়া থেকে উঠে আসা একজন প্রকৌশলী, সফল শিল্পোদ্যোক্তা ও রাজনীতিক—জাকির হোসেন সরকার, যিনি ‘জাকির সরকার’ নামেও পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় ও জাতীয় রাজনীতিতে একটি পরিচিত নাম। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কুষ্টিয়া-৩ আসনে দলের মনোনীত প্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে জনগণের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
জন্ম ও পারিবারিক পটভূমি
জাকির হোসেন সরকার জন্মগ্রহণ করেন ১৬ সেপ্টেম্বর ১৯৬৯ সালে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর গ্রামে, তাঁর নানাবাড়িতে। তাঁর পৈতৃক নিবাস কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুর গ্রাম, ৮নং ওয়ার্ডে।
তার পিতা জন্মগ্রহণ করেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় এবং মাতা জন্মগ্রহণ করেন গোপালপুর গ্রামে। তাঁর পিতা ১৯৬৭ সালে ব্যবসায়িক উদ্দেশ্যে কুষ্টিয়ায় আসেন। পরবর্তীতে ১৯৭২ সালে মুসলিম হাইস্কুল থেকে এসএসসি পাস করে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। এই পেশাগত ও সামাজিক অবস্থানই পরিবারটির কুষ্টিয়ায় স্থায়ীভাবে বসবাসের ভিত্তি গড়ে তোলে।
শিক্ষাজীবন
জাকির সরকারের শিক্ষাজীবনের সূচনা কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে তিনি কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন এবং বিজ্ঞান বিভাগে কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হন।
উচ্চশিক্ষায় তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ব্যবসা ও ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা বাড়াতে ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবন ও শিল্পোদ্যোগ
জাকির সরকারের পেশাগত জীবন শুরু হয় বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং-এ। এরপর তিনি ম্যাকডোনাল্ড নামে একটি স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কিছুদিন চাকরি করেন।
পরবর্তীতে তিনি বিলট্রেড’ নামক প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার ও পরিচালক হিসেবে যুক্ত হন। বিলট্রেড-এর মাধ্যমে বাংলাদেশে কালার ঢেউটিন শিল্পে আধুনিকতার সূচনা হয়। পরে তিনি ওই প্রতিষ্ঠান থেকে শেয়ার বিক্রি করে নিজ মালিকানায় সরকার স্টিল লিমিটেড প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার নেতৃত্বে গড়ে ওঠা অন্যান্য প্রতিষ্ঠান হলো
সরকার কনস্ট্রাকশন লিমিটেড
সরকার লজিস্টিক লিমিটেড
এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তিনি নির্মাণ, লজিস্টিকস ও স্টিল শিল্পে উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
সংগঠন ও সামাজিক উদ্যোগ
জাকির হোসেন সরকার ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত স্টি্রল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -এর দ্বিতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৯ সালে তিনি সরকার ফাউন্ডেশন প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত হন। কুষ্টিয়াকে একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও সবুজ জেলা হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনটি পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও নগর উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এই ধারাবাহিকতায় কেকে জিকে উদ্যোগ কুষ্টিয়া শহরের পরিচ্ছন্নতা ও সবুজায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
রাজনৈতিক জীবন
ছাত্রজীবন থেকেই জাকির হোসেন সরকারের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ। ১৯৮৫ সালে এরশাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণের কারণে তিনি গ্রেপ্তার হন যা তার রাজনৈতিক জীবনের প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা।
রাজনৈতিক দায়িত্বের ধারাবাহিকতায়
২০০৯ সালে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক
২০১৪ু২০১৮ সাল পর্যন্ত কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা
২০১৯ সালে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক
২০২৩ সালে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জেলা বিএনপির সদস্য সচিব
বর্তমানে তিনি ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন।
একটি গ্রাম থেকে শুরু করে শিক্ষা, শিল্প, সামাজিক উদ্যোগ ও রাজনীতির প্রতিটি স্তর অতিক্রম করে জাকির হোসেন সরকার আজ কুষ্টিয়ার রাজনীতিতে একটি বহুমাত্রিক ও সুদৃঢ় ব্যক্তিত্ব। তার জীবনপথ ব্যক্তি জীবন, পেশাগত সাফল্য ও রাজনৈতিক সক্রিয়তার এক সমন্বিত প্রতিচ্ছবি।
কুষ্টিয়া থেকে মীর রকিবুল ইসলাম
