মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম–এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় কালাই উপজেলায় আয়োজিত এই অনুষ্ঠানে কালাই উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব মোঃ আব্দুল বারী।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক অবিচল সৈনিক। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এ দেশে রাজনৈতিক মতপ্রকাশের পথ উন্মুক্ত করেছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই পৌর বিএনপির আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মৌদুদ আলম সরকার এবং মোঃ রফিকুল ইসলাম চৌধুরী টুকু। বক্তারা শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম হোসেন। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই নন, তিনি ছিলেন এ দেশের সাধারণ মানুষের আশা-ভরসার প্রতীক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালাই পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল আলীম সরকার।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের বিজয় কামনা করা হয়।
উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা এবং পরবর্তী সময়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে তিনি বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় সৃষ্টি করেন।
মো:সুমন মন্ডল,কালাই (জয়পুরহাট) প্রতিনিধি