প্রথমবারের মতো ওমেন্স এশিয়ান কাপ খেলার লক্ষ্যে বাংলাদেশ পরিকল্পনা সাজাচ্ছে আটঘাট বেঁধে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, মূল লড়াই শুরুর দুই সপ্তাহ আগে দেশ ছাড়বে দল; থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় খেলবে প্রস্তুতি ম্যাচও।
প্রথমবারের মতো অস্ট্রেলিয়াতে এএফসি নারী এশিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১ মার্চ টুর্নামেন্ট শুরু হলেও ঋতুপর্ণা-আফঈদারা ঢাকা ছাড়বেন টুর্নামেন্টের দুই সপ্তাহ আগে। এশিয়ার নারী ফুটবলারদের সবচেয়ে বড় ও মর্যাদার এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রস্তুতিটা পুরোদমে করার সিদ্ধান্ত বাফুফের। তারই অংশ হিসেবে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ার দুই জায়গাতে হবে প্রস্তুতি ম্যাচ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) নারী ফুটবল দলের মিশন অস্ট্রেলিয়ার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেছেন। সাংবাদিকদের কাছে তিনি বলেছেন, ‘আমাদের যে পরিকল্পনা তাতে ফুটবল দলের অনুশীলন শুরু হয়ে যাচ্ছে বুধবার সকাল থেকেই। আর ১৫ বা ১৬ ফেব্রুয়ারি দল ঢাকা ছাড়বে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। তবে সরাসরি অস্ট্রেলিয়া যাবে না, প্রথমে থাইল্যান্ড যাবে। সেখানে এক সপ্তাহের ক্যাম্প চলবে, তারপর চলে যাবে অস্ট্রেলিয়া। ২২ ফেব্রুয়ারি থেকে সিডনিতে ক্যাম্প শুরু হবে।’
থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া দুই দেশেই প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাফুফের এই সহ-সভাপতি বলেছেন, ‘সিডনিতে বাংলাদেশ ক্লোজড ডোর প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ‘এ’ লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ক্লাবের বিপক্ষে। ২৬ ফেব্রুয়ারি ম্যাচটি হওয়ার সম্ভাবনা আছে। তার আগে থাইল্যান্ডেও আমরা প্রস্তুতি ম্যাচ খেলানোর চেষ্টা করছি। এখনও চূড়ান্ত হয়নি। কোনও কারণে থাইল্যান্ডে ম্যাচ সম্ভব না হলে অস্ট্রেলিয়া আগে চলে যাবে দল এবং সেখানে গিয়ে আরেকটা ম্যাচ আয়োজন করা হবে। তবে বাংলাদেশ থেকে দল রওয়ানা দেবে ১৫ বা ১৬ ফেব্রুয়ারি।’
নারী ফুটবল দলের মিশন অস্ট্রেলিয়ার সব পরিকল্পনা প্রধান কোচ পিটার বাটলার সাজিয়েছেন বলে জানিয়েছেন ফাহাদ করিম, ‘আমাদের প্রধান কোচ পিটার বাটলার যেভাবে যেভাবে চেয়েছেন, আমরা সেভাবেই করেছি। তার প্রেসক্রিপশন অনুযায়ী আমরা শুধু বাস্তবায়ন করছি। যাকে বলা যায় দাপ্তরিক কাজ। কেমন র্যাঙ্কিং দলের বিপক্ষে খেলবে সেটা কোচই আমাদেরকে বলে দিয়েছিলেন। আমরা অস্ট্রেলিয়ার ক্লাবের সাথে খেলবো। সেই ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স এ-লিগ খেলে। অস্ট্রেলিয়া তো বিশ্বকাপ খেলা দেশ, এশিয়ান চ্যাম্পিয়ন দল। তাদের লিগের মান কেমন সেটা, আপনারা বুঝতে পারছেন। তাদের একটি দলের সাথে আমরা খেলবো।’
আফঈদাদের ক্যাম্পের প্রথম সেশন থেকেই যোগ হবেন একজন প্রবাসী ফুটবলার। আনিকা রানিয়া সিদ্দিকী নামের সুইডেন প্রবাসী এরই মধ্যে ক্যাম্পে যোগ দিতে ঢাকা এসেছেন। আনিকা সম্পর্কে ফাহাদ করিম বলেছেন, ‘আমি জানি বুধবার থেকে সে ক্যাম্পে যোগ দেবে। কোচ বলছিলেন তিনি লিগে অংশ নেওয়া দুই তিনজন নতুন খেলোয়াড়ও ক্যাম্পে ডাকতে পারেন।’
এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। বাংলাদেশের প্রথম দুই ম্যাচ সিডনিতে ৩ মার্চ চীন ও ৬ মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে। উজবেকিস্তানের বিপক্ষে পার্থ খেলা হবে ৯ মার্চ।
