নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকায় সর্বশেষ সমাবেশ করার কথা ছিল বিএনপির। কর্মসূচিটি বাতিল করেছে দলটি। এর পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনি সভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচির পরিবর্তে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নির্বাচনি কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের সঙ্গে আরও সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ দেন। এছাড়া কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারাও ছাত্রদলে যোগ দেন।
নতুন নেতৃত্বের যোগদানের বিষয়ে রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ভূমিকা ও অবদানে অনুপ্রাণিত হয়েই এসব তরুণ নেতৃত্ব জাতীয়তাবাদী দলের ছায়াতলে এসেছেন।
অনুষ্ঠানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে শিগগির ছাত্রদলের নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।
