২৫ জানুয়ারি দিল্লির কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়, ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ পেতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই ঘোষণার পর থেকেই টলিপাড়ায় শুরু হয় আনন্দের জোয়ার। একের পর এক সহকর্মী, অনুরাগী ও ইন্ডাস্ট্রির মানুষ তাঁকে শুভেচ্ছা জানাতে থাকেন। এর মাঝেই দেবকে ঘিরে তৈরি হওয়া পদ্মশ্রী বিতর্ক কিছুটা আলোচনায় এলেও, তা এখন অতীত। এবার বুম্বাদাকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে হাজির হলেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই মুহূর্তের একটি ছবি। টলিউড অনলাইনের শেয়ার করা ছবিতে দেখা যায়, প্রসেনজিতের দু’পাশে দাঁড়িয়ে রয়েছেন যশ ও নুসরত। সাদা-কালো জেব্রা প্রিন্টের ওয়ান পিসে নুসরত যেমন নজর কাড়েন, তেমনই নীল শার্ট ও হালকা নীল-ধূসর জিন্সে ধরা দেন যশ। অন্যদিকে, হালকা ধূসর উলের ট্রাউজার ও ফুলহাতা টি-শার্টে স্বাভাবিক লুকে দেখা যায় প্রসেনজিতকে। ছবিতে নুসরতকে প্রসেনজিতের কাঁধে মাথা রেখে হাসিমুখে ধরা দিতে দেখা গিয়েছে।
পদ্মশ্রীর শুভেচ্ছা জানাতে যশ-নুসরত উপহারের ডালি সাজিয়ে নিয়ে গিয়েছিলেন। জানা গিয়েছে, সেই ডালিতে ছিল নানা ধরনের ফল ও চকলেট। সম্মান ও শ্রদ্ধা জানাতেই এই বিশেষ সাক্ষাৎ।
প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয় জীবন শুরু হয় তাঁর বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পরিচালিত ছবি ‘ছোট্ট জিজ্ঞাসা’-র মাধ্যমে, যা মুক্তি পায় ১৯৬৮ সালে। এরপর ‘শত্রু’ ছবিতে খলনায়ক হিসেবে আত্মপ্রকাশ, সেখান থেকে রোম্যান্টিক হিরো হয়ে ওঠা— ধীরে ধীরে টলিপাড়ার ‘বুম্বাদা’ হয়ে ওঠেন তিনি। বাণিজ্যিক ছবি থেকে ভিন্নধারার সিনেমা— সব ক্ষেত্রেই বাংলা ছবিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন প্রসেনজিৎ। সাম্প্রতিক সময়ে বি-টাউনেও নিজের ছাপ ফেলেছেন তিনি। দীর্ঘ বছরের পরিশ্রম ও সাধনার স্বীকৃতি হিসেবেই এবার তাঁর ঝুলিতে এল পদ্মশ্রী।
