ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাবে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’। গতকাল শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে ছবির ফার্স্ট অফিশিয়াল পোস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করে নির্মাতা জানিয়েছেন, ‘দেখা হচ্ছে ঈদুল ফিতরে, আপনার কাছের সিনেমা হলে।’অফিশিয়াল পোস্টারে একসঙ্গে দেখা গেছে চার অভিনেত্রীকে।
চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। নায়কবিহীন এই সিনেমার পোস্টারের ভিজ্যুয়ালেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, নারীকে কেন্দ্র করেই এগোবে এ সিনেমার গল্প। জানা গেছে, ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রাম এই বাস্তবতার ভেতর দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রা তুলে ধরা হবে সিনেমায়।
ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে। না তারা এই শহর থেকে বের হতে পারে, না এই শহর তাদের থেকে…।’ সঙ্গে জানিয়েছেন, এই সিনেমার মাধ্যমে বাণিজ্যিক বাংলা সিনেমায় নতুন এক ধারা তৈরি করার আশা করছেন তিনি।
ছবিটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। প্রযোজনা করছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। এটি শুধু একটি সিনেমার মুক্তিই নয়; বরং ইমপ্রেস টেলিফিল্মের জন্যও বিশেষ উপলক্ষ। কারণ, দীর্ঘ ২১ বছর পর ঈদ উৎসবে সিনেমা নিয়ে ফিরছে প্রতিষ্ঠানটি। ২০০৪ সালে তারা সর্বশেষ ঈদে প্রেক্ষাগৃহে এনেছিল চলচ্চিত্র ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’।
