ঈদকে সামনে রেখে জমে উঠেছে ঢাকাই সিনেমার বড় বাজেটের ছবি ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’-র শুটিং। ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সুপারস্টার শাকিব খান। রোজা শুরু হয়ে যাওয়ায় সময় একেবারেই কম, এদিকে এগিয়ে আসছে ঈদ। দিনরাত এক করে চলছে শুটিং, যেন নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ শেষ করা যায়।
বর্তমানে কলকাতায় শুটিং চলছে ‘প্রিন্স’ টিমের শুটিংয়ের জন্য জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ কলকাতায় রয়েছেন। এর আগে তিনি পরিচালক অতনু ঘোষ -এর ছবি ‘আরও এক পৃথিবী’-তে কাজ করেছিলেন। তবে সেটি ছিল নির্দিষ্ট কিছু অংশের কাজ। এবারই প্রথম কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ লোকেশনে টানা শুটিং করছেন তিনি। ফলে শহরটিকে আরও কাছ থেকে দেখার সুযোগ মিলছে তাঁর।
এক সাক্ষাৎকারে ফারিণ জানান, কাজের চাপ এতটাই বেশি যে খুব একটা ঘোরাঘুরির সুযোগ পাচ্ছেন না। সকাল থেকে রাত পর্যন্ত শুটিং চলায় অবসর বলতে তেমন কিছুই নেই। তবুও ফাঁকেফাঁকে কলকাতার পরিবেশ তাঁকে আলাদা করে টেনেছে। বিশেষ করে শহরের ক্যাফে সংস্কৃতি তাঁর ভীষণ ভালো লেগেছে।
ফারিণের কথায়, কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকার অসংখ্য ক্যাফে যেন এক আলাদা জগৎ। প্রতিটি ক্যাফের নিজস্ব ভাবনা, সাজসজ্জা আর খাবারের বৈচিত্র্য তাঁকে মুগ্ধ করেছে। তাঁর মনে হয়েছে, এক মাস সময় নিয়ে শুধু এই এলাকাতেই ঘুরে বেড়ালেও হয়তো সব ক্যাফে ঘোরা শেষ হবে না। কাজের ব্যস্ততার মাঝেও এই ক্যাফেগুলো তাঁর কাছে যেন ছোট্ট রিফ্রেশমেন্টের জায়গা।
এদিকে,ছবির একটি গানের শুট করতে ফারিনের কাশ্মিরে যাবারো কথা রয়েছে।
