ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাদ্যপণ্যে নিষিদ্ধ সামন্ত্রী ব্যবহারের দায়ে একটি বেকারিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রবিবার (০৮ মার্চ-২০২৬ইং) দুপুর ১২:০০ ঘটিকায় সদর উপজেলার টিএ রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে টি.এ. রোড এলাকার 'ডিকে বেকারি' নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এসময় দেখা যায় যে, সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে। এছাড়া বেকারি পণ্য তৈরিতে মানবদেহের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক 'হাইড্রোজ' ব্যবহার করার প্রমাণ পান কর্মকর্তারা। ভোক্তা অধিকার বিরোধী এসব অপরাধের দায়ে ডিকে বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। অভিযান পরিচালনাকারী সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
