মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
এমডি রফিকুল
প্রতিনিধি মালয়েশিয়া
কুয়ালালামপুর, ২৬ মার্চ ২০২৬: যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, রেমিট্যান্স যোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। মান্যবর হাইকমিশনার আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা পর্বে প্রবাসী নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা বক্তব্য দেন। বক্তারা মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার কেন্দ্রীয় সভাপতি বশির ইবনে জাফর, সহ-সভাপতি মুসফিক এবং সদস্য সমন্বয়ক আব্দুর রহিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন এবং দেশের উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি সরকারের বিভিন্ন উদ্যোগ ও নীতির সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্বাধীনতার চেতনা, দেশপ্রেম এবং একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ফুটে ওঠে।
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা এ আয়োজনের মাধ্যমে দেশের প্রতি তাদের অঙ্গীকার, ঐক্য ও দেশপ্রেম পুনর্ব্যক্ত করেন।