চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে দেশের ১৪টি জেলায় জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এ সংযোজিত ধারা ৮২ক (১) মোতাবেক সংশ্লিষ্ট ব্যক্তিদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ জেলার পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকগণ ধারা ৮২ক (৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা প্রাপ্ত হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম চাঁদপুর জেলা আইনজীবী সমিতির একজন সিনিয়র আইনজীবী এবং বিএনপি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়। এর আগে তিনি জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও সভাপতি, চাঁদপুর পৌর বিএনপির দুইবারের সাবেক সেক্রেটারি ও সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক, মুক্তি সৌধ নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের বিজয় মেলার প্রতিষ্ঠাকালীন সদস্য এবং চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন কমিটির ১২ বছর মহাসচিব ও তিনবার চেয়ারম্যান ছিলেন। ১৯৭৭ সালে তিনি চাঁদপুরে ‘বলাকা’ নামে প্রথম একটি পত্রিকা প্রকাশ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
বার্তা প্রেরক:
মুসাদ্দেক আল আকিব
জেলা প্রতিনিধি, চাঁদপুর
