কিশোরগঞ্জের পাকুন্দিয়া মহিলা কলেজের উদ্যোগে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুহাম্মদ জালাল উদ্দীন-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, নারী শিক্ষার প্রসার এবং এলাকার উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগ্জ - ২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুহাম্মদ জালাল উদ্দীন। সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া ভুমি সহকারী কমিশনার রিফাত জাহান, পাকুন্দিয়া থানার অফিসার ইনসার্জ এস এম আরিফুর রহমান, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি তৌফিকুল ইসলাম, আতিকুর রহমান মাসুদ এবং ভিপি কামাল উদ্দিন সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী শিক্ষা জাতির উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা পাকুন্দিয়া মহিলা কলেজের শিক্ষা কার্যক্রম আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ্যাডভোকেট মুহাম্মদ জালাল উদ্দীন বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি পাকুন্দিয়ার শিক্ষা, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে তাঁর অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
বুলবুল আহম্মেদ জিয়া
নিজস্ব নিউজ : পাকুন্দিয়া
