মাগুরার সিনিয়র সিভিল জজ, সদর আদালতে দায়েরকৃত একটি দেওয়ানি মামলায় জাল দলিল উপস্থাপনের অভিযোগে ১২ জনের বিরুদ্ধে জাল-জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, সিনিয়র সিভিল জজ মো. আল আমিনের আদালতে বিচারাধীন একটি দেওয়ানি মামলার শুনানিকালে উপস্থাপিত একটি দলিলের সত্যতা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়। পরে বিষয়টি যাচাই-বাছাই করে দলিলটি জাল বলে প্রতীয়মান হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আদালত।
আদালতের নির্দেশে বেঞ্চ সহকারী আশিকুর রহমান বাদী হয়ে সংশ্লিষ্ট ১২ জনের বিরুদ্ধে জাল-জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার সব আসামিই মাগুরা সদর উপজেলার চন্দনপ্রতাপ গ্রামের বাসিন্দা। তারা হলেন— রজব আলী মোল্যা, হাসান মোল্যা, হোসাইন আহমেদ, রোজিনা খাতুন, সোনিয়া খাতুন, পাপিয়া খাতুন, ছিয়ারননেছা, মোজাম্মেল মোল্যা, সাখাওয়াত মোল্যা, আবু জাফর মোল্যা, আজম মোল্যা এবং রবিউল মোল্যা (বদর)।
আদালত সূত্র আরও জানায়, বিচারিক কার্যক্রম চলাকালে উপস্থাপিত দলিলের সত্যতা নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় তা যাচাই করা হয়। যাচাই শেষে দলিলটি জাল বলে প্রতীয়মান হওয়ায় আদালতের নির্দেশে জাল-জালিয়াতির অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলাটি বর্তমানে আইনানুগ প্রক্রিয়ায় রয়েছে।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
