গাজীপুরের শ্রীপুর উপজেলায় কয়েক দিনের টানা বৃষ্টি ও বৈরি আবহাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন লিচু ব্যবসায়ী ও বাগান মালিকরা। অতিরিক্ত বৃষ্টিতে গাছে থাকা পাকা লিচু ফেটে যাওয়া, কালচে হয়ে নষ্ট হওয়া এবং ঝড়ো হাওয়ায় অপরিপক্ব লিচু ঝরে পড়ায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শ্রীপুরে বিভিন্ন জাতের লিচুর ভালো ফলন হলেও সাম্প্রতিক বৃষ্টি অনেক বাগানে বিরূপ প্রভাব ফেলেছে। আর্দ্র আবহাওয়ার কারণে ছত্রাক ও পোকার আক্রমণও বেড়েছে বলে জানিয়েছেন কৃষকরা। এতে ফলের মান কমে যাওয়ার পাশাপাশি বাজারদর কমে যাওয়ার শঙ্কাও দেখা দিয়েছে।
উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের লিচু বাগান মালিক ইমরান বলেন, “কয়েক দিনের বৃষ্টিতে অনেক লিচু ফেটে গেছে। কিছু লিচু কালচে হয়ে নষ্ট হচ্ছে। আবহাওয়া ভালো না হলে বড় ক্ষতির মুখে পড়তে হবে।”
টেপিরবাড়ী গ্রামের বাগান মালিক খালেক ও আমির হোসেন বলেন, “বৃষ্টি ও ঝড়ের কারণে গাছ থেকে কাঁচা লিচু ঝরে পড়ছে। এতে উৎপাদন কমে যেতে পারে। বাজারেও এর প্রভাব পড়বে।”
লিচু ব্যবসায়ী রফিক বলেন, “বৃষ্টি থাকায় বাজারে ক্রেতা কম। বাগান থেকে লিচু এনে বাজারজাত করতেও বাড়তি খরচ হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক না হলে লোকসান বাড়বে।”
কেওয়া বাজার এলাকার ব্যবসায়ী খালেক বলেন, “গাছ থেকে লিচু পাড়া হচ্ছে। বিভিন্ন প্রক্রিয়া শেষে ঢাকায় পাঠানো হবে। তবে বৃষ্টি থাকলে পরিবহন ও সংরক্ষণ দুটোই কঠিন হয়ে পড়ে।”
কিশোরগঞ্জের লিচু ব্যবসায়ী শাহাদাৎ হোসেন বলেন, “আমি ৩০টি বাগান কিনেছি। কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বর্তমানে হাজার প্রতি লিচু তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে আগের তুলনায় বাজার কিছুটা কম।”
এদিকে ক্ষতির আশঙ্কায় কিছু ব্যবসায়ী অপরিপক্ব লিচু বাজারজাত করছেন বলেও অভিযোগ উঠেছে। এতে বাজারে ভালো মানের লিচুর সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে টানা বৃষ্টিতে গ্রামীণ সড়কে কাদা ও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বাগান থেকে বাজারে লিচু পরিবহনেও ভোগান্তি বেড়েছে। সময়মতো সরবরাহ ব্যাহত হলে লোকসানের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা বলেন, “উপজেলায় এবার প্রায় ৭৩০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। টানা বৃষ্টিতে লিচুর ক্ষতির সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
