বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পিরোজপুরে পালিত হয়েছে। শনিবার (৩০ মে) সকালে পিরোজপুর জেলা বিএনপি'র দলীয় কার্যালয় সামনে দলীয় পতাকা অর্ধনিমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, পবিত্র কোরআন খতম, জেলা বিএনপির উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি শোক র্যালি। র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, "শহীদ জিয়াউর রহমান ছিলেন সংকটের সময়ে জাতির ত্রাণকর্তা। তিনি যেমন রণাঙ্গনে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, তেমনি স্বাধীনতার পরবর্তী সময়ে বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছিলেন। তাঁর সততা, দেশপ্রেম ও বহুদলীয় গণতন্ত্রের দর্শন আজও আমাদের রাজনৈতিক পথচলার পাথেয়। আমরা বর্তমান সরকার তাঁর আদর্শ অনুসরণ করেই দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শহীদ জিয়ার ‘উৎপাদনমুখী রাজনীতি’র আদর্শকে ধারণ করে দেশের প্রতিটি নাগরিককে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য।"
তিনি আরও বলেন, "জিয়াউর রহমানের আদর্শ মানেই হলো কঠোর পরিশ্রম ও দেশপ্রেম। দলমত নির্বিশেষে দেশের কল্যাণে কাজ করাই ছিল তাঁর মূলমন্ত্র। আমরা সেই মন্ত্রে দীক্ষিত হয়েই পিরোজপুরসহ পুরো বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছি। আমাদের এই উন্নয়ন অগ্রযাত্রায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত কাম্য।"
বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
এছাড়াও যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল,কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দ আলোচনা করেন।
বক্তারা শহীদ জিয়ার কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তাঁর অবদান অনস্বীকার্য। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পিরোজপুর প্রতিনিধি: