মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরায় মাদকবিরোধী অভিযানে ১২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১৭ জুন) মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম-এর তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. ইজাজুল বিশ্বাস (২৬), পিতা: বিল্লাল হোসেন এবং মো. নয়ন ইসলাম (২৪), পিতা: মৃত রুস্তম ইসলাম। উভয়ের বাড়ি মাগুরা সদর উপজেলার বরনাতৈল বেপারীপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানাধীন বরনাতৈল বেপারীপাড়ায় রবিউল হোসেনের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস দল। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের ওসি মো. কাওছার আলম। এ সময় এসআই মেহেদী হাসানসহ ডিবি পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
