নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবায় মাগুরা সদর হাসপাতালে আইপিএস সংযোগ উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান।
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি:
মাগুরা সদর হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা আরও উন্নত ও নিরবিচ্ছিন্ন করতে ৫টি ওয়ার্ডে আইপিএস (ইনভার্টার পাওয়ার সাপ্লাই) সংযোগের শুভ উদ্বোধন করেছেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
শনিবার (২০ জুন) সকাল ১১টায় মাগুরা সদর হাসপাতালের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। বিদ্যুৎ বিভ্রাটের কারণে যাতে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত না হয়, সে লক্ষ্যেই হাসপাতালের গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোতে আইপিএস সংযোগ স্থাপন করা হয়েছে। ভবিষ্যতেও হাসপাতালের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামিম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদির, মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসিন উদ্দিন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা ও মো. আলমগীর হোসেন, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন আইপিএস সংযোগ চালু হওয়ায় বিদ্যুৎ বিভ্রাটের সময়ও সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় সেবা কার্যক্রম সচল রাখা সম্ভব হবে। এতে রোগী ও তাদের স্বজনরা আরও উন্নত ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।