বাংলা গানের আকাশে উজ্জ্বল এক নক্ষত্র সৈয়দ আব্দুল হাদী। প্রেম, প্রকৃতি, দেশপ্রেম, মানবিকতা ও জীবনের নানা অনুভূতি তার কণ্ঠে পেয়েছে অনন্য ব্যঞ্জনা। কয়েক দশক ধরে অসংখ্য কালজয়ী গানের মাধ্যমে জায়গা করে নিয়েছেন কোটি শ্রোতার হৃদয়ে। কিংবদন্তি এই শিল্পীর সংগীত, কর্ম ও জীবনযাত্রার নানা অজানা অধ্যায় দেখা যাবে ‘গল্প আছে এখানে…’ শিরোনামের বিশেষ সাক্ষাৎকারভিত্তিক প্রামাণ্যচিত্রে।
গণমাধ্যম ব্যক্তিত্ব ও প্রামাণ্যচিত্র নির্মাতা শাইখ সিরাজ নির্মিত এই আয়োজনে দর্শকরা দেখতে পাবেন সৈয়দ আব্দুল হাদীর জীবনসংগ্রাম, শিল্পীসত্তা, সংগীতভাবনা এবং দীর্ঘ পথচলার নানা স্মরণীয় মুহূর্ত।
প্রামাণ্যচিত্রটিতে খোলামেলা আলাপচারিতায় সৈয়দ আব্দুল হাদী স্মৃতিচারণ করেছেন তার শৈশব, সংগীতজীবনের শুরু, বাংলাদেশের সংগীতাঙ্গনের বিবর্তন, সমকালীন শিল্পচর্চা এবং আগামী প্রজন্মের শিল্পীদের নিয়ে তার ভাবনা। একই সঙ্গে উঠে এসেছে তার জনপ্রিয় ও কালজয়ী গানগুলোর পেছনের গল্প, সময় ও সমাজের সঙ্গে সংগীতের সম্পর্ক এবং একজন শিল্পীর দীর্ঘ কর্মময় জীবনের নানা অভিজ্ঞতা।
এ প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, “সৈয়দ আব্দুল হাদী শুধু একজন জনপ্রিয় শিল্পী নন, তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার গান আমাদের ব্যক্তিগত স্মৃতি, সামাজিক পরিবর্তন এবং জাতির আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। ‘গল্প আছে এখানে...’-এর মাধ্যমে আমরা শুধু তার সাফল্যের গল্প তুলে ধরিনি, বরং একজন শিল্পীর চিন্তা, দর্শন, মূল্যবোধ এবং সময়কে ধারণ করার চেষ্টা করেছি। নতুন প্রজন্মের জন্যও এটি একজন জীবন্ত কিংবদন্তির অভিজ্ঞতা থেকে শেখার মূল্যবান দলিল হয়ে থাকবে।”