অজয় সেন ত্রিপুরা, খাগড়াছড়ি
পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে নারী হকির প্রসার ও নতুন প্রতিভা অন্বেষণে শুরু হয়েছে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’। তৃণমূল পর্যায় থেকে নারী হকি খেলোয়াড় তৈরি এবং তাদের জাতীয় ও বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে কর্মসূচির প্রথম ধাপের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য দেন ব্র্যাক ব্যাংক পিএলসির রিজিয়ন ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. আব্দুস সালাম এবং খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মাদল বড়ুয়া।
এ সময় কৌশলী চাকমা, জিটিভির সাংবাদিক হলাপ্রুসাই মারমাসহ বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির প্রথম ধাপে দেশের সাতটি জেলা—বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, সিলেট, নেত্রকোনা, কুমিল্লা ও নারায়ণগঞ্জে নারী হকি খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত বাছাইপর্বে জেলার বিভিন্ন এলাকা থেকে ৫০ জন নারী ও কিশোরী অংশ নেন। তাদের মধ্য থেকে ২৫ জনকে বাছাই করে পরবর্তী প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হবে। নির্বাচিত খেলোয়াড়দের ২৫ দিনে মোট ৫০টি সেশনে হকি প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদের নিয়ে খাগড়াছড়ি নারী হকি দল গঠন করা হবে, যাতে ভবিষ্যতে জাতীয় ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়।
প্রশিক্ষক হিসেবে কর্মসূচিতে দায়িত্ব পালন করছেন জাতীয় হকি দলের খেলোয়াড় সুমি আক্তার।
আয়োজকদের মতে, খাগড়াছড়ির প্রত্যন্ত এলাকার নারী ও কিশোরীদের হকির সঙ্গে সম্পৃক্ত করা গেলে এখান থেকে সম্ভাবনাময় খেলোয়াড় উঠে আসবে। নিয়মিত প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে পাহাড়ি এ জেলা থেকেই জাতীয় পর্যায়ে নারী হকি খেলোয়াড় তৈরি সম্ভব।
বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচি খাগড়াছড়িতে নারী হকির বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।