বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদ্রাসায় হাজিরা দিয়েও ক্লাস নেন না শিক্ষক

মাদ্রাসায় হাজিরা দিয়েও ক্লাস নেন না শিক্ষক

মাদ্রাসায় হাজিরা দিয়েও ক্লাস নেন না শিক্ষক

পটুয়াখালীর গলাচিপা উপজেলার মধ্য পানপট্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসার এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিয়মিত ক্লাস না নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি প্রতিদিন মাদ্রাসায় এসে হাজিরা খাতায় স্বাক্ষর করলেও নির্ধারিত ক্লাস না নিয়েই চলে যান। এতে করে শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মাদ্রাসার একাধিক শিক্ষার্থী জানায়, অভিযুক্ত সহকারী শিক্ষক মাইনুল ইসলাম প্রায় ৬ থেকে ৭ মাস ধরে নিয়মিত ক্লাস নিচ্ছেন না। ফলে তাদের পড়াশোনায় বড় ধরনের ক্ষতি হচ্ছে এবং এর প্রভাব পড়ছে পরীক্ষার ফলাফলেও। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, “স্যার মাঝে মাঝে মাদ্রাসায় এসে হাজিরা দিয়ে চলে যান। ক্লাস করেন না। এতে আমরা পিছিয়ে পড়ছি।”

শিক্ষার্থীদের দাবি, রুটিন অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইংরেজি, অষ্টম শ্রেণির বিজ্ঞান, নবম শ্রেণির বাংলা এবং দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাস নেওয়ার দায়িত্ব তার ওপর থাকলেও বাস্তবে বেশিরভাগ দিনই এসব ক্লাস হয় না। তারা নিয়মিত ক্লাস চান। নিজেদের ভবিষ্যতে ও পড়াশোনা নিয়ে চিন্তিত শিক্ষার্থীরা।

সরেজমিনে বুধবার মাদ্রাসায় গিয়ে দেখা যায়, নির্ধারিত সময়ে কয়েকটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও সংশ্লিষ্ট শিক্ষক অনুপস্থিত। মাদ্রাসা সূত্রে জানা যায়, তিনি সেদিনও হাজিরা খাতায় স্বাক্ষর করে কিছুক্ষণ অবস্থান করে চলে যান। হাজিরা খাতায় দেখা যায় তিনি নিয়মিত স্বাক্ষর করেছেন।

এ বিষয়ে মাদ্রাসার সহকারী সুপার মনিরুল ইসলাম বলেন, “নিয়মিত ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে, এটা সত্য। তাকে বারবার ক্লাস নিতে বলা হলেও তিনি তা মানছেন না। আমরা তার কাছে ব্যর্থ হয়েছি।”

মাদ্রাসা সূত্রে জানা গেছে, অসুস্থতার কথা উল্লেখ করে ওই শিক্ষক দীর্ঘদিন ধরে নিয়মিত ক্লাস নিচ্ছেন না। এমনকি ‘জামাল’ নামে বাইরের একজনকে দিয়ে তার পরিবর্তে ক্লাস করানোর অভিযোগও রয়েছে, যা নিয়মবহির্ভূত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক মাইনুল ইসলাম বলেন, “আমি অসুস্থ ছিলাম। ২০২৩ সালে আমার সার্জারি হয়েছে। কথা বলতে কষ্ট হয়, তাই সবসময় ক্লাস নিতে পারি না। তবে আমি প্রতিদিন মাদ্রাসায় উপস্থিত থাকি, হাজিরা খাতা দেখেন।” তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যাতে পাঠ থেকে বঞ্চিত না হয়, সে কারণে একসময় একজনকে দিয়ে ক্লাস করিয়েছিলেন। তার দাবি, তিনি মাত্র এক মাস ক্লাসে অনুপস্থিত ছিলেন।

মাদ্রাসার অধ্যক্ষ (সুপার) মো. মাকসুদুর রহমান বলেন, “শিক্ষার্থীরা অভিযোগ করলে আমরা তাকে মৌখিকভাবে সতর্ক করেছিলাম। তিনি ক্লাস নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। বিষয়টি আমরা শুরুতে নিজেদের মধ্যে সমাধানের চেষ্টা করেছি, শিক্ষা কর্মকর্তাকে জানাইনি। এখন উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শহিদুল ইসলাম বলেন, “তথ্য যাচাই-বাছাই করে যদি অনিয়ম প্রমাণিত হয়, তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। যিনি শিক্ষক তাকে তো ক্লাস নিতে হবে। তিনি ক্লাস না নিয়ে স্বাক্ষর দিয়ে চলে যাবে এটা তো কাম্য নয়। আমরা তদন্ত করে দেখে প্রয়োজনে ব্যবস্থা নিব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, “মাদ্রাসার তদারকির দায়িত্ব সুপারের। বিষয়টি আগে আমাদের জানানো হয়নি। এখানে সুপারের দায়িত্বে অবহেলা আছে। এছাড়া মাদ্রাসা সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট বিধি অনুযায়ী, কোনো শিক্ষক দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ, তদন্ত এবং প্রয়োজন অনুযায়ী সাময়িক বরখাস্ত বা চাকরি থেকে অপসারণসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

 

 

মোঃ রাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি