রসুলপুর ফাউন্ডেশনের আয়োজনে সিরাতুন্নবি (সা.) প্রতিযোগিতায় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিফাত।
আজ ১লা অক্টোবর ২০২৬ রসুলপুর ফাউন্ডেশনের আয়োজনে রসুলপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন্নবি (সা.) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩০০০ টাকার পুরস্কার রাখা হয়। প্রতিযোগিতার স্পন্সর ছিলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী জনাব মো. গিয়াস উদ্দিন জমাদার।
প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফলাফলে দেখা যায় বিরাট চমক। নবম ও দশম শ্রেণির বড় বড় শিক্ষার্থীদের পেছনে ফেলে প্রথম স্থান করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিফাত।
রিফাত তার অনুভূতি প্রকাশ করে বলে, “আমার ক্লাসের বন্ধুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নি। তারা বলেছে নবম দশম শ্রেণির বড় বড় ছাত্ররা পুরস্কার নিয়ে যাবে। কিন্তু আমি ভয় পাইনি। আল্লাহর উপর ভরসা করে প্রস্তুতি নিয়েছি। আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। আলহামদু লিল্লাহ।”
প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে দশম শ্রেণির শিক্ষার্থী আবু বকর ছিদ্দিক ও মোসাম্মৎ মিম।
এছাড়াও অনুষ্ঠানে সকল প্রতিযোগীকে মিসওয়াক উপহার দেওয়া হয়।
মোঃ জেনিদ, ভোলা জেলা প্রতিনিধি
